একদিনেই বড় উলটপালট, সোনার দাম ভরিতে কমলো ৪৪৩২ টাকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ৯ এপ্রিল, ২০২৬, ১২:৩৮ পিএম
একদিনেই বড় উলটপালট, সোনার দাম ভরিতে কমলো ৪৪৩২ টাকা

দাম বাড়ানোর মাত্র একদিন পরই দেশের বাজারে বড় ধাক্কা দিয়ে কমলো সোনার দাম। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) থেকে কার্যকর নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন জানায়, স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার দাম কমে যাওয়ায় এই সমন্বয় করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং সকাল ১০টা থেকে তা কার্যকর হয়।

এর ঠিক আগে বুধবার (০৮ এপ্রিল) সোনার দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা নির্ধারণ করা হয়। তারও আগে ০৬ এপ্রিল দাম কমানো হয়েছিল। ফলে কয়েক দিনের ব্যবধানে সোনার বাজারে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে।

নতুন দরে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ১৯৯ টাকা কমিয়ে ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের সোনার দাম কমেছে ৩ হাজার ৬১৬ টাকা, নতুন দাম ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

শুধু সোনা নয়, রুপার বাজারেও এসেছে স্বস্তি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৭১৫ টাকা করা হয়েছে। ২১ ক্যারেট ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাবেই দেশের বাজারে এমন দ্রুত পরিবর্তন দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বৈশ্বিক অস্থিরতার কারণে সোনার দাম ঊর্ধ্বমুখী থাকলেও এখন তা সমন্বয়ের পর্যায়ে রয়েছে।

বাজুসের সংশ্লিষ্টরা জানিয়েছেন, “সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।” পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দরেই সোনা ও রুপা বিক্রি হবে।

আপনার জেলার সংবাদ পড়তে