চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হামিদ, রহনপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ আতিকুর রহমান আতিক। বক্তব্য দেন- গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রাইসুল ইসলাম,উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রহনপুর মহিলা কলেজের শারিরিক শিক্ষক সেলিনা আক্তার বেনু, রহনপুর পুনর্ভবা মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক ইয়াহিয়া খান রুবেল, নারী ইউপি সদস্য লক্ষি তিরর্কি। এ সময বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংস্কৃতিক কর্মী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় ইউএনও জাকির মুন্সী জানান, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা এবং গ্রামীণ খেলাধুলার আয়োজন।এছাড়া অনুষ্ঠানকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহযোগীতা চেয়েছেন। সভায় বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এ উৎসবকে ঘিরে সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে উৎসব উদযাপন করতে হবে।