যশোরের অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ১ টি প্রাইভেট হাসপাতালকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। আদালত সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সালাউদ্দীন দিপু-এর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। অভিযানে ‘মডার্ণ ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার’ প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে ‘আল-মদিনা প্রাইভেট হাসপাতাল’-এর পরিচালক নাজমুল হুদাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার ইব্রাহিম হোসেন মুন্না জানান, লাইসেন্সসহ প্রয়োজনীয় নথিপত্র না থাকায় ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে স্বাস্থ্যসেবায় অনিয়মের দায়ে প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. শোভন বিশ্বাসসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল। তবে পরিদর্শনে ‘হামিদ মেমোরিয়াল প্রাইভেট হাসপাতাল’-এ কোনো অনিয়ম পাওয়া যায়নি বলে জানা গেছে। অভিযান শেষে ইউএনও শেখ সালাউদ্দীন দিপু বলেন, স্বাস্থ্যসেবায় অনিয়ম কোনো ভাবেই সহ্য করা হবে না। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।