ইস্টার সানডে উপলক্ষে ইউক্রেন যুদ্ধ ঘিরে ৩২ ঘণ্টা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে শনিবার (১১ এপ্রিল) বিকেল থেকে রোববার (১২ এপ্রিল) পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে সংঘাত। কিয়েভের প্রতিক্রিয়া পুরোপুরি স্পষ্ট না হলেও, রাশিয়ার এই পদক্ষেপে সাড়া দেয়ার ইঙ্গিত মিলেছে।
রাশিয়া ইউক্রেনের চলমান সংঘাত্রে অবশেষে নতুন মোড়। ক্রেমলিনের ঘোষণা অনুযায়ী, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার স্থানীয় সময় বিকেল ৪টা থেকে যুদ্ধবিরতির নির্দেশ দেন। ইস্টার উপলক্ষে এই বিরতি চলবে ৩২ ঘণ্টা। শেষ হবে রোববার মধ্যরাতে। সব ফ্রন্টলাইনে সাময়িকভাবে হামলা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।
তবে সেনাদের সম্ভাব্য উসকানি মোকাবিলায় প্রস্তুত থাকতে বলা হয়েছে। ঘোষণায় শান্তির বার্তা থাকলেও, সতর্কতার সুরও স্পষ্ট।
মস্কোর পক্ষ থেকে কিয়েভকে এই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে। কিন্তু ইউক্রেন এখনো সরাসরি পূর্ণ সম্মতি দেয়নি।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সমান পদক্ষেপে সাড়া দিতে প্রস্তুত ইউক্রেন। তবে অতীত অভিজ্ঞতা এই প্রস্তাবকে ঘিরে সন্দেহ আরও বাড়িয়েছে। কারণ আগের বহু অস্থায়ী বিরতি ভেঙেছে সংঘাতের মাধ্যমেই।