লেবাননে ইসরায়েলি হামলা, বাংলাদেশি নারী নিহত

এফএনএস অনলাইন ডেস্ক: | প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৬, ০৯:০০ পিএম
লেবাননে ইসরায়েলি হামলা, বাংলাদেশি নারী নিহত
ছবি, সংগৃহীত

ইসরায়েলের বিমান হামলায় লেবাননের রাজধানী বৈরুতে মিজ দিপালী নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। লেবাননের বাংলাদেশ দূতাবাস আজ শুক্রবার (১০ এপ্রিল) এমন তথ্য জানিয়েছে। 

দূতাবাস জানায়, বুধবার বৈরুতের হামরা এলাকায় নিহত হন তিনি। নিহত মিজ দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে। বৈরুতের হামরা এলাকায় নিয়োগকর্তার (কফিল) পরিবারের সঙ্গে অবস্থানকালে এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দিপালীর মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা আছে।

দিপালীর মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস, বৈরুত গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, একই হামলায় দিপালীর কফিল এবং তার পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন। কফিলের এক প্রতিবেশীর বরাতে এ তথ্য জানা গেছে।