ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার লেবানন প্রবাসী দিপালী আক্তার (৩৪) গত বুধবার (০৮ এপ্রিল) ভয়াবহ ইসরাইলী হামলায় লেবাননের রাজধানী বৈরুতে নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। উক্ত যুবতী গত পাঁচ বছর ধরে লেবাননে গৃহকর্মী হিসেবে চাকুরী করে আসছিল। ঘটনার দিন উক্ত যুবতী তার মালিকের (কফিলের) পরিবারের সাথে লেবাননের রাজধানী বৈরুতে অবস্থান করছিল। এ সময় বৈরুতে ভয়াবহ ইসরাইলী এয়ার ষ্ট্রাইক হামলা হয়। এ হামলায় চরভদ্রাসনের উক্ত যুবতী সহ কফিলের পরিবারের একাধিক সদস্য নিহত হয় বলে জানা গেছে। নিহত দিপালী আক্তার উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পূর্ব চরশালের গ্রামের শেখ মোফাজ্জলের মেয়ে। তার মাতার নাম রোজিনা খাতুন। দিপালী আক্তার অবিবাহিত ছিলেন। শুক্রবার রাতে উক্ত ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান বেলাল হোসেন লেবানন প্রবাসী যুবতীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। এছাড়া বাংলাদেশ দূতাবাস, বৈরুত দিপালী আক্তারের মৃত্যতে সামাজিক গণমাধ্যম ফেসবুকে গভীর শোক প্রকাশ করেছেন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। প্রাথমিক তথ্য অনুযায়ী, একই হামলায় দিপালীর কফিল এবং তার পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন। নিহত দিপালীর মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহের বর্তমান অবস্থা ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে বলেও জানা গেছে। এ ব্যপারে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন জানান, “ আমরা নিহত পরিবারের সাথে কথা বলে নিশ্চিত হয়েছি যে, দিপালী আক্তার লেবাবনের বৈরুতে ইসরাইলী হামলায় নিহত হয়েছেন। একই সাথে এ হামলায় তার কফিলের পরিবারের ৬ সদস্য সহ মোট ৭ জন উক্ত ইসরাইলী হামলায় নিহত হয়েছেন”।