চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) নির্মিত সেচ পাম্প পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হারুনুর রশিদ। গতকাল শনিবার বেলা ১১টায় প্রথমে তিনি রহনপুর ইউনিয়নের তেতুলতলা সেচ পাম্প পরিদর্শন করেন। পরে একই ইউনিয়নের কাজিগ্রামস্থ পুনর্ভবা নদী থেকে পানি উত্তেলিত সেচ কাজে ব্যবহৃত সেচ পাম্প পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বাঙ্গাবাড়ি ইউনিয়নে চুড়ইল বিল দেখতে যান। বিলটি খনন করা হবে বলে আশস্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জ রিজিওনের নির্বাহী প্রকৌশলী আল মামুনুর রশীদ, জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, বিএমডিএ গোমস্তাপুর জোনের সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলিনগর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মুহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারিকুল ইসলাম সাদ্দাম, বিএনপি নেতা আশরাফুল হকসহ অন্যরা। পরে তিনি রহনপুরস্থ উপজেলা ডাকবাংলোয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।