হোমনায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

এফএনএস (মোর্শেদুল ইসলাম শাজু; হোমনা, কুমিল্লা) : | প্রকাশ: ১১ এপ্রিল, ২০২৬, ১০:৪৩ পিএম
হোমনায় গাঁজাসহ যুবক গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

কুমিল্লার হোমনায় পুলিশি অভিযানে ১০ কেজি গাঁজাসহ নিহার দাস (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তার নিহার দাস হবিগঞ্জ জেলার লাখাই থানার পূর্ব স্বজনগ্রামের মৃত মনোরঞ্জন দাসের ছেলে। পুলিশ জানায়, শনিবার সকালে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ি দায়িত্বপালনকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, একটি মোটরসাইকেলে করে মাদকের একটি বড় চালান ঢাকার দিকে যাচ্ছে। তখন একটি নম্বরবিহীন লাল-কালো রঙের মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। সংকেত পেয়ে চালক মোটরসাইকেল থামিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। এসময় ধাওয়া করে পুলিশ তাকে ধরে ফেলে। পরে মোটরসাইকেলে বেঁধে রাখা একটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে এর ভেতরে খাকি স্কচটেপে মোড়ানো ১০টি প্যাকেটে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করে। পুলিশ মাদকদ্রব্যসহ মোটরসাইকেলটি জব্দ করেছে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, আসামীকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে