ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, ওয়াশিংটন যদি তেহরানের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে, তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব। খবর, ইরান ইন্টারন্যাশনাল
বার্তায় তিনি লিখেন, “আমেরিকান সরকার যদি তাদের সর্বগ্রাসী মনোভাব ত্যাগ করে এবং ইরানি জাতির অধিকারকে সম্মান করে, তবে একটি চুক্তিতে পৌঁছানোর পথ অবশ্যই খুঁজে পাওয়া যাবে।”
উল্লেখ্য, সম্প্রতি ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে দীর্ঘমেয়াদী আলোচনা কোনো ইতিবাচক ফলাফল ছাড়াই শেষ হয়েছে। যদিও এই আলোচনা থেকে দুই দেশের মধ্যকার উত্তেজনা হ্রাসের একটি রূপরেখা তৈরি হবে বলে আশা করা হয়েছিল, শেষ পর্যন্ত তা কোনো চুক্তিতে রূপ নেয়নি। এই প্রেক্ষাপটেই ইরানের প্রেসিডেন্টের পক্ষ থেকে এমন মন্তব্য এলো।