পহেলা বৈশাখে মেট্রোরেলের গুরুত্বপূর্ণ দুই স্টেশন বন্ধ ঘোষণা

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ০২:২১ পিএম
পহেলা বৈশাখে মেট্রোরেলের গুরুত্বপূর্ণ দুই স্টেশন বন্ধ ঘোষণা

পয়লা বৈশাখ উপলক্ষে রাজধানীর মেট্রোরেল ব্যবস্থায় উৎসবের নিরাপত্তা ও যাত্রী ব্যবস্থাপনা নিশ্চিত করতে সাময়িক পরিবর্তন এনেছে কর্তৃপক্ষ। পহেলা বৈশাখের দিনে (মঙ্গলবার) বন্ধ থাকবে মেট্রোরেলের দুই স্টেশন। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে মেট্রোরেল লাইন-৬ এর দুটি স্টেশনে যাত্রী চলাচল সীমিত থাকবে। এর মধ্যে শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন পুরোদিনই বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জনসমাগম, উৎসব-কেন্দ্রিক নিরাপত্তা এবং ভিড় নিয়ন্ত্রণের বিষয় বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে নববর্ষের দিন শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিপুল মানুষের সমাগম ঘটে, যা মেট্রো স্টেশনের কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।

এ কারণে যাত্রীদের আগাম পরিকল্পনা করে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

আপনার জেলার সংবাদ পড়তে