মানি মার্কেটে নতুন যুগের সূচনা: নতুন রেফারেন্স রেট চালু করল বাংলাদেশ ব্যাংক

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ০৭:৩৪ পিএম
মানি মার্কেটে নতুন যুগের সূচনা: নতুন রেফারেন্স রেট চালু করল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক (বিবি) সুদের হার নির্ধারণে স্বচ্ছতা, নির্ভরযোগ্যতা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে মানি মার্কেটের জন্য নতুন দুটি রেফারেন্স রেট চালুর উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে জারিকৃত এক সার্কুলারে আজ সোমবার এ তথ্য জানানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, দেশে বিভিন্ন ধরনের ঋণচুক্তি, বন্ড, ফ্লোটিং রেটভিত্তিক আর্থিক পণ্য (যেমন-ডেরিভেটিভস) এবং অন্যান্য আর্থিক চুক্তিতে সুদের হার নির্ধারণের ক্ষেত্রে একটি কার্যকর, গ্রহণযোগ্য ও বাজারভিত্তিক বেঞ্চমার্কের প্রয়োজনীয়তা দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল।

 এ প্রেক্ষাপটে প্রকৃত আন্তঃব্যাংক লেনদেনের ওপর ভিত্তি করে প্রতিদিন দু’টি মানি মার্কেট রেফারেন্স রেট নির্ধারণ ও প্রকাশের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রিস্ক-ফ্রি এবং আনসিকিউরড আন্তঃব্যাংক মানি মার্কেট লেনদেনের তথ্যের ভিত্তিতে প্রণীত এ দু’টি রেটের নাম হবে ‘বাংলাদেশ ওভারনাইট ফিন্যান্সিং রেট’ (বিওএফআর) এবং ‘ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট’ (ডিওএমএমআর)।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রতিদিনের কার্যদিবসে এই রেটগুলো হিসাব করে তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ইতোমধ্যে এ সংক্রান্ত হিসাব পদ্ধতি (মেথডোলজি)ও প্রকাশ করা হয়েছে, যাতে বাজার অংশগ্রহণকারীরা সহজেই তা অনুসরণ করতে পারেন।

সার্কুলারে দেশের সকল তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে প্রযোজ্য ক্ষেত্রে এই রেফারেন্স রেট অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের মানি মার্কেটে সুদের হার নির্ধারণ আরও স্বচ্ছ, তথ্যভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্মত হবে।

বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে যেমন ঝঙঋজ বা অন্যান্য বেঞ্চমার্ক রেট ব্যবহৃত হয়, তেমনি বাংলাদেশেও নিজস্ব নির্ভরযোগ্য রেফারেন্স রেট চালু হওয়ায় আর্থিক খাতে শৃঙ্খলা ও আস্থা বাড়বে। পাশাপাশি ঋণের মূল্য নির্ধারণে অস্পষ্টতা কমে আসবে এবং বিনিয়োগকারীদের জন্য বাজার আরও পূর্বানুমানযোগ্য হবে।

আপনার জেলার সংবাদ পড়তে