রংপুরে যুবদল নেতা হত্যার ঘটনায় গ্রেফতার ৩

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ০৪:৩৮ পিএম
রংপুরে যুবদল নেতা হত্যার ঘটনায় গ্রেফতার ৩

রংপুর নগরীতে যুবদল নেতা রাকিব হাসানকে (২০) কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি আব্দুল মজিদকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৩ এপ্রিল) রাতে নগরীর বৈরাগীপাড়া ( মাছুয়াপাড়া) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মজিদ ওই এলাকার বাদশা মিয়ার ছেলে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এই হত্যাকাণ্ডের প্রধান আসামি মমিন মিয়া (৪২) ও স্ত্রী সুইটি বেগমকে (৩৫) মিঠাপুকুর উপজেলার ইমাদপুর থেকে গ্রেফতার করে র্য্যাব-১৩। 

এ নিয়ে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে নিহতের বাবা আব্দুস সামাদ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ পূর্বক হত্যা মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়।

বৃহস্পতিবার বিকেলে নগরীর বৈরাগীপাড়া (মাছুয়াপাড়া) এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত রাকিব হাসান ২৪ নম্বর ওয়ার্ড যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর তাঁতীপাড়া এলাকার বাসিন্দা মো. মমিন ও তার সহযোগীরা রাকিব হাসানের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ ছাড়া, ঘটনার আগের দিন মমিনের স্ত্রীর সঙ্গে রাকিবের হাতাহাতির ঘটনা ঘটেছিল বলেও জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন হঠাৎ করেই রিকশাযোগে এসে মমিন ও তার দলবল রাকিবের ওপর হামলা চালায়। পরে তাকে গলা কেটে হত্যা করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

রাকিবের বাবা আব্দুস সামাদ বলেন, মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে ২০২৫ সালের নভেম্বরে রাকিবের পা ভেঙে দেয় মমিন। সে সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসা নিতে হয় রাকিবকে। ঘটনার আগের দিন বুধবার এক চায়ের দোকানে রাকিব মমিনের উদ্দেশে গালি দিলে মমিনের স্ত্রীর সঙ্গে তর্ক হয়।

তিনি আরও বলেন, তর্কাতর্কির ঘটনার পরদিন বৃহস্পতিবার স্থানীয় একটি চায়ের দোকানে রাকিবকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতালি কুপিয়ে ও গলা কেটে হত্যা করে মমিন।

 মঙ্গলবার দুপুরে  মোঃ মামুনুর রশিদ ফয়সাল, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট -৩য়, আদালত, রংপুর রাকিব হত্যার দায় স্বীকার করে মমিনের ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেন।

আপনার জেলার সংবাদ পড়তে