লালপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ১৪ এপ্রিল, ২০২৬, ০৫:৫৯ পিএম
লালপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

নাটোরের লালপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। আনন্দ, ঐতিহ্য ও বাঙালিয়ানা সংস্কৃতির আবহে দিনব্যাপী আয়োজনে অংশ নেয় সর্বস্তরের মানুষ। শোভাযাত্রা, আলোচনা সভা, পান্তা উৎসব ও সাংস্কৃতিক পরিবেশনায় পুরো উপজেলা পরিণত হয় এক মিলনমেলায়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণিল আনন্দ শোভাযাত্রা বের করা হয়। ঢাক-ঢোলের বাদ্য, মুখোশ, ফেস্টুন ও রঙিন ব্যানারে সজ্জিত শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে শোভাযাত্রা পায় প্রাণবন্ত ও উৎসবমুখর রূপ।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন নাটোরের ইতিহাসে প্রথম মন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের কনিষ্ঠ কন্যা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন সৌরভের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, বাংলা নববর্ষ বাঙালি জাতির প্রাণের উৎসব। এই উৎসব আমাদের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। নতুন বছর মানুষকে নতুন স্বপ্ন, নতুন প্রত্যয় এবং উন্নয়নের অঙ্গীকার নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।

তিনি আরও বলেন, নববর্ষ শুধু আনন্দের উৎসব নয়; এটি সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির অন্যতম উপলক্ষ। লালপুর-বাগাতিপাড়া সহ সারাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। তরুণ প্রজন্মকে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখারও আহ্বান জানান প্রতিমন্ত্রী।

আলোচনা সভা শেষে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পান্তা উৎসব। পান্তা-ভাত, মাছ, নানা ধরনের ভর্তা ও দেশীয় খাবারের সমাহার উপস্থিত অতিথি ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আনন্দ আরও বাড়িয়ে তোলে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবির হোসেন, লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু এবং ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব।

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনের সদস্য, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিককর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নববর্ষ উদযাপন হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন।

অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ৮ জন প্রতিবন্ধী নারী-পুরুষের মাঝে হুইলচেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করেন। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলা নববর্ষের এই আয়োজন লালপুরবাসীর মাঝে নতুন বছরের আনন্দ, সম্প্রীতি ও ঐতিহ্যের বার্তা ছড়িয়ে দেয়।