ময়মনসিংহে এমপি ও বিএনপি নেতার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২৬, ০৭:১৭ পিএম
ময়মনসিংহে এমপি ও বিএনপি নেতার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

তারাকান্দায় পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগদানে বাঁধা এবং তাঁর সাথে থাকা দলীয় নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে কয়েকজনকে রক্তাক্ত জখম করা হয়েছে বলে অভিযোগ করেছেন, বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় সদস্য ও ময়মনসিংহ-২ ফুলপুর-তারাকান্দা আসনের জাতীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ। আজ দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে এক সংসদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেছেন।

এজন্য তিনি পরাজিত বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদার ও তাঁর সমর্থকদের দায়ী করেছেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, তাঁকে হামলার উদ্দেশ্যে এগিয়ে গেলে নেতাকর্মীরা জড়িয়ে ধরে তাঁকে নিরাপদে সরিয়ে নিয়ে যান। এঘটনার প্রতিবাদে তারাকান্দায় দলীয় নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করে। মিছিল শেষে নেতাকর্মীরা চলে যাবার সময় তাদের ওপর হামলার ঘটনায় ১৫ জন আহত হন। এর মধ্যে সঙ্কটাপন্ন অবস্থায় মাওলানা হেদায়াতুল্লাহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বিএনপির সাথে সবসময়ই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইলেও পরাজিত প্রার্থী মোতাহের হোসেন তালুকদার তাঁর নেতাকর্মীদের নিয়ে বিরূপ আচরণ করে যাচ্ছেন এবং হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন। নিজের সংসদীয় এলাকায় ঢ়ুকতে দিবেন না বলে হুমকি দিয়ে বেড়ান বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, অতীতে আমরা একসাথে থেকে আন্দোলন-সংগ্রাম করেছিলাম। ২৪ এর গণ অভ্যূত্থানের পর আমরা একটা শান্তিপূর্ণ ও সহমর্তিতার দেশ চেয়েছিলাম। কিন্তু আমাদের এই হিংসার কারণে পরিবেশটা নষ্ট করে দিচ্ছে। আমরা তাঁর (মোতাহার হোসেন তালুকদার) হিংসা থেকে আমাদের দলের নেতা-কর্মীদের এবং এলাকাবাসীকে বাঁচানোর জন্য আহ্বান জানান। এলাকা থেকে তাঁর হুমকি-ধামকি এবং বিভিন্ন ধরনের সমস্যা থেকে সকলে যেন বাঁচতে পারে। জনগণের সাথে সম্পৃক্ত থেকে সুন্দরভাবে কাজ করতে পারি, সে যেন বাঁধা হয়ে না দাঁড়ায় সেজন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার সভাপতি মাওলানা সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম, মহানগর শাখার সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ ফারুকী, ফুলপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অভিযোগকে অবান্তর এবং ভিত্তিহীন বলে দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন বিএনপি নেতার

এদিকে সংসদ সদস্যের এসব অভিযোগকে অবান্তর এবং ভিত্তিহীন বলে দাবি করে বুধবার বিকেলে একই স্থানে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদার। পাল্টা সংবাদ সম্মেলনে মোতাহার হোসেন সাংবাদিকদের জানান, সেদিন কোন হামলার ঘটনা ঘটেনি এবং সেখানে তার কোন অনুসারি বা বিএনপির কোন কর্মী-সমর্থক ছিল না।

একজন কর্মী রক্তাক্ত হবার প্রসঙ্গে তিনি বলেন, ইচ্ছাকৃতভাবে কৌশলে ভিন্ন উদ্দেশ্যে মুরগীর রক্ত জামায় মাখিয়ে একটি নাটক করা হয়েছে। প্রকৃতপক্ষে রক্তাক্ত হবার কোন ঘটনা সেদিন ঘটেনি।

বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন প্রসঙ্গে সংবাদ সম্মেলনে মোতাহার হোসেন বলেন, এগুলো সরকারের উন্নয়ন কাজের অংশ হিসেবে সামাজিকতার দায়বদ্ধতা থেকে তিনি উপস্থিত থেকে কাজ শুরু করেন। তাকে হুমকি প্রদানের বিষয়টি অহেতুক বা অবান্তর। বরং সংসদ সদস্য রহস্যজনক কারনে নিজেই হিংসামূলক আচরণ করে যাচ্ছেন। অন্যান্য এলাকায় বিজয়ী প্রার্থী পরাজিত প্রার্থীর বাসায় গিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেও তিনি এখন পর্যন্ত দূরত্ব তৈরী করে রেখেছেন। তাই আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে সচেষ্ট ছিলাম তখনই আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে এবং প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে। তিনি বলেন, আমাকে কেন বিজয়ী সংসদ সদস্যের টার্গেট করা হচ্ছে এটা আমার বোধগম্য নয়। তাহলে আমি কি রাজনীতি ছেড়ে দেব?, আমি কি এলাকা ছেড়ে দেব? প্রশ্ন রাখেন তিনি।

এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল বাতেন, এডভোকেট নজরুল ইসলাম ইসমাইল, উত্তর জেলা তাঁতী দল সদস্য আজিজুল হক, রওনব আহমেদ আজিজুলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে