কক্সবাজারের টেকনাফে অপহরণের পর তিনজনকে পিটিয়ে ও গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। জানা গেছে পাহাড়ি ডাকাত দল রাতের কোনো এক সময় তিনজনকে অপহরণ করে। এরপর হত্যা করে।
নিহতদের মধ্যে শীলখালীর বাসিন্দা রবি আলমের পরিচয় জানা গেছে। তবে বাকি দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
টেকনাফের শীলখালী এলাকা থেকে মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাদের জানান, মঙ্গলবার সকালে শীলখালী পাহাড় সংলগ্ন এলাকা থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রাতে অথবা ভোরের দিকে তাদের অপহরণ করা হয়েছিল। নিহতদের মধ্যে একজন তার আত্মীয় বলে তিনি উল্লেখ করেন। এছাড়া আরও দুইজন নিখোঁজ রয়েছে, তাদের খোঁজ চলছে।
বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক দুর্জয় বিশ্বাস ঘটনাটি নিশ্চিত করে জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি এবং বিষয়টি নিয়ে কাজ করছি।