রংপুরে এসএসসি পরীক্ষা শুরু, ১ লাখ ৮১ হাজারের বেশি শিক্ষার্থী

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) :
| আপডেট: ২১ এপ্রিল, ২০২৬, ০৩:০৫ পিএম | প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬, ০৩:০৫ পিএম
রংপুরে এসএসসি পরীক্ষা শুরু, ১ লাখ ৮১ হাজারের বেশি শিক্ষার্থী

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এ বছর বিভাগজুড়ে পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮১ হাজার ৮ শত ৫৪ জন। এর মধ্যে রংপুর জেলায় পরীক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৪ শত ৫ জন। (২১ এপ্রিল ) সকালে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশে এসব তথ্য জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, রংপুর বিভাগের ২ হাজার ৮ শ ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ২৮৩টি কেন্দ্রে অংশ নিচ্ছে এবারের পরীক্ষায়। পরিসংখ্যান অনুযায়ী, এ বছর মেয়ে শিক্ষার্থীর তুলনায় ছেলে পরীক্ষার্থীর সংখ্যাই বেশি। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। প্রতিটি কেন্দ্রের সামনে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। কেন্দ্রের ভেতর ও বাইরে নজরদারি জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। রংপুর নগরীর জিলা স্কুল কেন্দ্র ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পরীক্ষার হলে প্রবেশ করছে। পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন অভিভাবকরাও। তারা জানান, কেন্দ্রের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় তারা স্বস্তি বোধ করছেন। রংপুর নগরের সাতগাড়া এলাকার শরীফুল ইসলাম  নামের অভিভাবক জানান, আমার ছেলে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। তাকে কেন্দ্রের ভিতর প্রবেশ করে আমি বাহিরে অপেক্ষা করছি। সন্তানের প্রস্তুতি মোটামুটি ভালো। নতুন সরকারের আমলে সার্বিক পরিবেশ পরিস্থিতি দেখে খুশি তিনি। তবে সন্তানের পড়াশোনার এই সময়কালে ঘন ঘন লোডশেডিং এর বিষয়ে বিব্রত প্রকাশ করে এবিষয় সরকারের আন্তরিকতা কামনা করেন তিনি। রংপুর মহানগর কোতোয়ালি থানার ওসি আজাদুর রহমান জানান, মহানগরীর কেন্দ্রগুলোতে সার্বিক পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশী দহল এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রগুলোর বাহিরে যাতে অযথা ভিড় বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সার্বিকভাবে প্রস্তুত রয়েছে পুলিশ। এদিকে জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন জানান, এবারের এসএসসি পরীক্ষা সুন্দর ভাবে সম্পন্ন করতে জেলায় ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিযুক্ত হয়ে কাজ করছে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে একজন করে সরকারি কর্মকর্তার সমন্বয়ে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। শিক্ষার্থীরা যাতে সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সে বিষয়ে জেলা প্রশাসন সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে বলেও জানান তিনি।

আপনার জেলার সংবাদ পড়তে