ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

জুরাছড়িতে অগ্নিকান্ডে পুড়ে গেছে একটি বসতঘর

এফএনএস (মিল্টন বাহাদুর; রাঙ্গামাটি) : | প্রকাশ: ২২ এপ্রিল, ২০২৬, ০২:২০ পিএম
জুরাছড়িতে অগ্নিকান্ডে পুড়ে গেছে একটি বসতঘর

রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলা সদরে একটি টিন নির্মিত বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২২ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলা পরিষদের নতুন ভবনের পশ্চিম পাশে প্রায় ১৫ গজ দূরে অবস্থিত সনজিতা চাকমার বসতঘরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের প্রাথমিক ধারণা, রান্নাঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের উৎপত্তি কেউবা ধারনা করছে রান্না ঘরের চুলার আগুন থেকে সূত্রপাট। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হলে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। খবর পেয়ে যক্ষা বাজার আর্মি ক্যাম্পের অধিনায়ক মেজর আসিফুল ইসরাম খান, পিএসসি’র নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ কার্যক্রমে অংশ নেয়। সেনাবাহিনী, পুলিশ, আনসার এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। দ্রুত ও কার্যকর পদক্ষেপের ফলে আগুন আশপাশের ঘরবাড়িতে ছড়িয়ে পড়তে পারেনি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় আশেপাশের বসতবাড়িগুলো বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ বায়েজীদ-বিন-আখন্দ। অগ্নিকাণ্ডে  টিনের নির্মিত বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে। পাশাপাশি উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানানো হয়েছে। এ বিষয়ে মেজর আসিফুল ইসরাম খান, পিএসসি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের কল্যাণ, নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতেও যেকোনো জরুরি পরিস্থিতিতে আমরা জনগণের পাশে থেকে দ্রুত সহায়তা প্রদান করবো।” ঘটনার পরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনা খাবার, কাপড় ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সঞ্জিতা চাকমা জানান, অগ্নিকান্ডে তারবসত ঘরসহ আনুমানিক ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে