“পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ”প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে শুরু হয়েছে জাতীয় পুষ্টি সপ্তাহ। ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে এসে শেষ হয়। র্যালীতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিকী, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন,২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. একেএম মাহাবুবুর রহমান,চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.রফিকুল হাসান ফয়সাল প্রমুখ। এছাড়াও স্বাস্থ্যকর্মী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম। এ সময় বক্তারা বলেন “একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনের জন্য পুষ্টির কোনো বিকল্প নেই। পুষ্টি শুধু স্বাস্থ্য নয়, এটি দেশের সামগ্রিক উন্নয়নের সাথেও সরাসরি সম্পৃক্ত। তাই শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী নারীসহ সকল শ্রেণির মানুষের সুষম খাদ্য নিশ্চিত করতে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। জাতীয় পুষ্টি সপ্তাহের এই কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদী।” বক্তারা আরও বলেন,অপুষ্টি দূরীকরণে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ জন্য পরিবার, সমাজ ও সরকারি-বেসরকারি সকল পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে পুষ্টি বিষয়ক আলোচনা সভা, সচেতনতামূলক কার্যক্রম, স্কুলভিত্তিক প্রচারাভিযান এবং বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান।