ইরানের পরিবর্তে ইতালিকে বিশ্বকাপে খেলানোর প্রস্তাব!

এফএনএস স্পোর্টস | প্রকাশ: ২৩ এপ্রিল, ২০২৬, ০৭:৫৫ পিএম
ইরানের পরিবর্তে ইতালিকে বিশ্বকাপে খেলানোর প্রস্তাব!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূতের এক প্রস্তাব ঘিরে ফুটবল বিশ্বকাপ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাওলো জাম্পোল্লি প্রস্তাব দিয়েছেন, আসন্ন বিশ্বকাপে ইরানের জায়গায় ইতালিকে সুযোগ দিক ফিফা। এই প্রস্তাবটি তিনি জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো এবং খোদ মার্কিন প্রেসিডেন্টকেও। জাম্পোল্লির যুক্তি, চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালির মতো দলের বিশ্বকাপে থাকা উচিত, বিশেষ করে প্লে-অফে বাদ পড়ার পর। জাম্পোল্লি বলছেন, তিনি বিশ্বকাপে ইরানের জায়গায় ইতালিকে নেওয়ার জন‍্য ট্রাম্প ও (ফিফা সভাপতি জিয়ান্নি) ইনফ্যান্তিনোকে বলেছেন। তবে এই প্রস্তাব ঘিরে শুধু ক্রীড়াঙ্গনেই নয়, কূটনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, এটি কেবল ফুটবল নয়-বরং আন্তর্জাতিক রাজনীতির অংশ হিসেবেও দেখা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইতালি ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে উঠেছে। প্রসঙ্গত, ইরান যুদ্ধ নিয়ে কঠোর সমালোচনা করা পোপের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষা ব‍্যবহার করেন ট্রাম্প। এতে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সম্পর্কের অবনতি ঘটে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ফিনান্সিয়াল টাইমস নিজেদের প্রতিবেদনে বলেছে, মেলোনির সঙ্গে সম্পর্ক মেরামতের লক্ষ‍্যে এই উদ‍্যােগ নেওয়া হয়েছে। এদিকে ফিফা সভাপতি ইনফান্তিনো স্পষ্ট করে জানিয়েছেন, মাঠের পারফরম্যান্সই বিশ্বকাপে অংশগ্রহণের একমাত্র ভিত্তি। তার ভাষায়, “ইরান মাঠে খেলে যোগ্যতা অর্জন করেছে। তারা খেলতে চায় এবং তাদের খেলা উচিত।” অন্যদিকে ইরান দলও বিশ্বকাপে অংশ নেওয়ার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছে, যদিও আগে কিছু রাজনৈতিক উত্তেজনার কারণে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সব মিলিয়ে, ইতালিকে অন্তর্ভুক্ত করার এই প্রস্তাব বাস্তবায়নের সম্ভাবনা খুবই ক্ষীণ বলেই মনে করা হচ্ছে। বরং এটি বিশ্বকাপের মতো বড় আসরে রাজনীতির প্রভাব নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।