পার্বত্য চট্টগ্রাম বিষয়কমন্ত্রী দীপেন দেওয়ান এমপি শনিবার দুপুরে রাঙামাটির বরকল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ এবং পর্যটন অবকাঠামো জোরদারে নতুন প্রকল্প নেওয়া হয়েছে।
দীপেন দেওয়ান বলেন, “প্রকল্পগুলো বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। কাপ্তাই হ্রদে দীর্ঘদিনের নাব্য সংকট, মৎস্য উৎপাদন হ্রাস ও পর্যটন উন্নয়নের সমস্যা দূর করতে কর্নফুলী নদী ও কাপ্তাই হ্রদের ড্রেজিং শুরু হবে। এসব উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে পার্বত্য এলাকার চেহারা পাল্টে যাবে।”
‘কাপ্তাই হ্রদ পার্বত্য অঞ্চলের অর্থনীতি, নৌ-যোগাযোগ, মৎস্যসম্পদ ও পর্যটনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে হ্রদে পলি জমে নাব্য কমে যাওয়ায় নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। মাছ উৎপাদন কমছে এবং পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতির উত্তরণে সরকার হ্রদ খননের সিদ্ধান্ত নিয়েছে’-উল্লেখ করেন তিনি।
তিনি উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে শান্তিশৃঙ্খলা বজায় রেখে সবাইকে সন্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় মন্ত্রী দুর্গম বরকল উপজেলাসহ পার্বত্য যেসব এলাকায় মোবাইল নেটওয়ার্ক নেই সেখানে স্বল্প সময়ের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করা হবে বলেও ঘোষণা দেন।