চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড.একেএম সলিম উল্লাহ সেলিম সদর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তিনি তাঁর প্রিয় এই বিদ্যালয়ে এসে এর অবকাঠামো পর্যবেক্ষণ করেন। তিনি এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। দীর্ঘ সময় পর নিজ বিদ্যালয়ের প্রাঙ্গণে পা রেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং প্রাক্তন ছাত্র হিসেবে গর্ববোধ করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, "এই বিদ্যালয়ের মাটিতেই আমার বেড়ে ওঠা। ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে পাঁচ বছর এই বিদ্যালয়ে পড়েছি। এসএসসি পাস করে চাঁদপুর সরকারি কলেজে ভর্তি হই। সেখানে লেখাপড়া শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলএলবি পাস করেছি। আজ যেখানে এসেছি, তার ভিত্তি স্থাপিত হয়েছিল এই শিক্ষাপ্রতিষ্ঠানেই।" ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে নিজেকে অনেক ধন্য মনে করেন। শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা করবেন বলে প্রতিশ্রুতি দেন। পাশাপাশি চাঁদপুর -০৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে আলোচনা করে উন্নয়নের কাজ চালিয়ে যাবেন বলে আশ্বাস দেন। ফরক্কাবাদ উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস মিয়া, সিনিয়র শিক্ষক মাওলানা কবির আহমেদ ওসমানীসহ অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।