সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষে বরিশাল নগরীকে একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মে ও জুন এই দুই মাসকে ‘পরিচ্ছন্নতার মাস’ ঘোষণা দিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২ টার দিকে নগরীর নথুল্লাবাদ সংলগ্ন জিয়া সড়ক এলাকায় খাল পরিস্কার এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিসিসি'র প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় বিসিসির প্রশাসক বিলকিস জাহান শিরিন বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে দেশব্যাপী নদী-নালা-খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতা হিসেবে বরিশাল সিটি কপোরেশনের মধ্যে থাকা সকল খাল পরিস্কারের জন্য পরিকল্পনা গ্রহণ করেছি আমরা। দুই মাসব্যাপী ‘পরিচ্ছন্নতার মাস’ হিসেবে ঘোষনা করেছি। সেই কর্মসূচি শনিবার উদ্বোধন করা হলো।
তিনি আরো বলেন, এই কর্মসূচির মাধ্যমে নগরীর সকল খাল পরিস্কার করা হবে এবং পর্যায়ক্রমে খাল খনন, পুণঃখনন, সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। খাল পরিস্কার কর্মসূচী উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা মো. রেজাউল বারীসহ অন্য কর্মকর্তা এবং বরিশাল মহানগর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।