শেরপুরে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তারফদার মাহমুদুর রহমানের বদলি উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শেরপুর পৌরসভার সম্মেলন কক্ষের সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করা হয়। রোববার (২৬ এপ্রিল) শেরপুর পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিদায়ী সংবর্ধনা গ্রহণ এবং উন্নয়ন কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক তারফদার মাহমুদুর রহমান। স্থানীয় সরকারের উপপরিচালক ও শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জানানো হয়, পৌরসভার সম্মেলন কক্ষের সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন কাজ স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে বাস্তবায়ন করা হচ্ছে। সম্মেলন কক্ষের সম্প্রসারণ ও আধুনিকায়নের মাধ্যমে পৌরসভার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সেবা প্রদান সহজতর হবে।