মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার আওতাধীন আশিদ্রোন ইউনিয়নের গ্রীনলিফ ইনোভেশন কোম্পানি লিমিটেডের কারখানা থেকে গত ২৪ এপ্রিল ভোররাতে বিভিন্ন মূল্যবান লোহার মোল্ড চুরির ঘটনা ঘটে। ঘটনার পর অভিযোগ প্রাপ্তির ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশ বিভিন্ন সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোরদের শনাক্ত করে এবং অভিযানে নামে। পরে সাব-ইন্সপেক্টর হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম রবিবার দিনেও রাতে শ্রীমঙ্গল পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- শ্রীমঙ্গল উপজেলার দক্ষিন উত্তরসুর এলাকার নিতাই মালাকার ও একই এলাকার মো. মিলন শেখ (৩৮)। অভিযানের সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া বিভিন্ন মেশিনের মোল্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৭ লাখ ৪০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।