নীলফামারীর সৈয়দপুরে ফুয়েল কার্ড চালুর পর সুমনা পাম্পে তেল বিতরণে শৃঙ্খলা ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে লাইনে বিশৃঙ্খলা ও অতিরিক্ত ভোগান্তির অভিযোগ থাকলেও নতুন এই কার্ড পদ্ধতি চালুর ফলে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
অনেক বাইক চালক জানান, ফুয়েল কার্ড ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের নির্দিষ্ট নিয়মে তেল প্রদান করা হচ্ছে, ফলে অপ্রয়োজনীয় ভিড় ও তদবির কমে এসেছে। আগে যেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও অনেক গ্রাহক তেল পেতেন না, এখন সেখানে নির্ধারিত ক্রমানুসারে দ্রুত সেবা পাচ্ছেন।
পাম্প কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রকৃত গ্রাহকদের অধিকার সংরক্ষণ করা। তারা আরও বলেন, কার্ড পদ্ধতি চালুর ফলে তেলের অপচয় ও কালোবাজারি অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে।
তবে এ উন্নয়ন সত্ত্বেও একটি স্বার্থন্বেষী চক্র এই ব্যবস্থায় সুবিধা না পেয়ে অপপ্রচার চালাচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পূর্বে যারা অনিয়মের সুযোগ নিতেন, তারাই এখন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করছে।
স্থানীয় সচেতন মহল বলছে, ইতিবাচক পরিবর্তনকে বাধাগ্রস্ত না করে বরং এ ধরনের উদ্যোগকে আরও শক্তিশালী করা প্রয়োজন। তারা প্রশাসনের কাছে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।
সব মিলিয়ে, ফুয়েল কার্ড চালুর ফলে সৈয়দপুর সুমনা পাম্পে তেল বিতরণে যে শৃঙ্খলা ফিরে এসেছে, তা ধরে রাখতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা জরুরি বলে মনে করছেন অভিজ্ঞ মহল।