রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ ভাবে পুকুর খনন ও মাটি বহন করে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ২টি এক্সেভেটর মেশিন বিকল ও ৮টি ব্যাটারী জব্দ করেছেন তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খান। তবে, অভিযানে নিয়োজিত টিমের উপস্থিতি টের পেয়ে পুকুর কাটার সঙ্গে যুক্ত দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। মঙ্গলবার রাতে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) বিনোদপুর গ্রাম থেকে ২টি মেশিনের ৪টি ব্যাটারী জব্দ করেন। এছাড়াও তানোর পৌর এলাকার মাসিন্দা ১টি ও একই এলাকার ট্যাপার মোড় সংলগ্ন ১টি স্কেভেটর (ভেকু) নিস্ক্রীয় এবং কালিগঞ্জ হাট সংলগ্ন মাদ্রাসার পিছন ৪ টি ব্যাটারী জব্দ করা হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা খান বলেন, অবৈধ পুকুর খনন ও ফসলী জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের চলমান অভিযান অব্যাহত থাকবে। এদিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ স্কেভেটর (ভেকু) নিস্ক্রিয় ও ব্যাটারী জব্দ করায় সাধারণ মানুষ অভিযানের ভুয়সী প্রশংসা করেছেন। একইসঙ্গে নিয়মিত অভিযান চলমান রাখার অনুরোধ করেছেন।