আটোয়ারীর নিতুপাড়া উচ্চ বিদ্যালয়ে তালা মেরে বিক্ষোভ

এফএনএস (মোঃ আনিসুর রহমান; আটোয়ারী, পঞ্চগড়) : | প্রকাশ: ২৯ এপ্রিল, ২০২৬, ০৬:১৪ পিএম
আটোয়ারীর নিতুপাড়া উচ্চ বিদ্যালয়ে তালা মেরে বিক্ষোভ

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলাধীন নিতুপাড়া উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে তালা মেরে বিক্ষোভ প্রতিবাদ করেছেন অভিভাবক সহ স্থানীয়রা। বুধবার ২৯ এপ্রিল সকাল থেকে উক্ত কর্মসূচি পালন করছেন অভিভাবকগণ। অভিযোগ রয়েছে ওই বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দবিরুল ইসলাম সীমাহীন দুর্নীতি করে অবসরে গেছেন। একইসাথে গোপনে প্রতিষ্ঠানটির পরবর্তী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও স্থানীয় কিংবা অভিভাবকদের অগোচরে প্রক্রিয়াটি চুরান্ত করেছেন। যারই প্রতিবাদে স্থানীয়দের এই কর্মসূচি। এর আগে ২৮ এপ্রিল বিদ্যালয়টিতে ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয়রা। বিক্ষুব্ধ এলাকাবাসী জানান, বিদায়ী প্রধান শিক্ষক বেতন ভাতা বন্ধের ভয় দেখিয়ে তিনি ৩ জন সহকারী শিক্ষকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেছেন এবং ওই শিক্ষকগণ ইতিমধ্যে বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রতিবাদী অভিভাবকগণ আরো জানান, বিএসসি শিক্ষক হাফিজুল ইসলামকে প্রতিষ্ঠানটির পরবর্তী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হোক। কিন্তু অভিভাবক সহ স্থানীয়দের দাবীর প্রতি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আরেক সহকারী শিক্ষক রেজাউল ইসলাম কে গোপনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করেন। আরো অভিযোগ রয়েছে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজাউল ইসলাম বিদায়ী প্রধান শিক্ষকের সকল অপকর্মের সহচর ছিলেন তিনি। এ প্রসঙ্গে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মো: কামরুল হাসান বলেন, যেহেতু বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত, আমরা প্রতিষ্ঠানটির চলমান ঘটনা প্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আশা করছি অভিভাবক সহ স্থানীয়দের সাথে খুব দ্রুত বসে পরিস্থিতির উত্তরন ঘটানো সম্ভব হবে। 


আপনার জেলার সংবাদ পড়তে