বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া এমপি বলেছেন, প্রাথমিক শিক্ষার গুনগতমান উন্নয়নে সরকার বেশ আন্তরিক। প্রাথমিক শিক্ষাকে বাস্তবমুখী, যুগোপযোগি করতে সংশ্লিষ্ট সকলকে আরো যত্নশীল হয়ে মনোনিবেশ করতে হবে। প্রাথমিক শিক্ষাই হল শিক্ষার মূল ভিত্তি। শিক্ষকগণ জাতি গড়ার কারিগর। শিক্ষকদের সুযোগ সুবিধা নিয়ে সরকার আন্তরিক। প্রতিটি শিশুকে প্রাথমিক শিক্ষা থেকেই উপযোগি করে গড়ে তুলতে হবে। ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে চতুর্থ শ্রেণি হতে বাধ্যতামূলক ৭ টি খেলার প্রশিক্ষণ দেয়া হবে। গতকাল ১ মে শুক্রবার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা শিক্ষা অফিসার মিনারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, খানসামা উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও ভাবকি ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক আলহাজ্ব অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আহসান হাবিব, চিরিরবন্দর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, উপজেলা সহকারি শিক্ষক সমিতির আহবায়ক রুহুল আমিন, যুগ্ন আহবায়ক মাহফুজুল হক আমান মানিক প্রমূখ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকগণ, সাংবাদিক, উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ সূধীজন উপস্থিত ছিলেন।