নোয়াখালীতে শ্রমিক দিবস পালিত, শ্রমিক অধিকার রক্ষায় বিভিন্ন দাবি

এফএনএস (নাসির উদ্দিন মিরাজ; বেগমগঞ্জ, নোয়াখালী) : | প্রকাশ: ১ মে, ২০২৬, ০৭:৫৪ পিএম
নোয়াখালীতে শ্রমিক দিবস পালিত, শ্রমিক অধিকার রক্ষায় বিভিন্ন দাবি

নোয়াখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। শুক্রবার(১ মে) দুপুরে এ উপলক্ষে চৌমুহনীর শ্রম কেন্দ্রে নোয়াখালী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও জেলা ট্রাক, ট্যাংকলরী, পিকআপ ভ্যান শ্রমিক ইউনিয়ন র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয় । সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাজী আবুল বাহারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কায়েসুর রহমান। এ সময় বেগমগঞ্জ মডেল থানার ওসি শামসুজ্জামান, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল আমিন সেলিম, নোয়াখালী জেলা ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ সহ অনেকে বক্তব্য রাখেন।

অপরদিকে বেগমগঞ্জে বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে পৃথক পৃথকভাবে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে এসব কর্মসূচিতে বিপুল সংখ্যক শ্রমিকের অংশগ্রহণে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন। এছাড়াও বক্তব্য দেন থানা শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মাওলানা নুরুল্যাহ, বেগমগঞ্জ উপজেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি ধনু মিয়া, সাধারণ সম্পাদক মহিন উদ্দিন, কার্যকরী সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু সহ জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, শ্রমিকদের ঘাম ও পরিশ্রমেই দেশের অর্থনীতি সচল রয়েছে, তাই তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে