আন্তর্জাতিক শ্রম দিবসে জীবিকার সন্ধানে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসা হলো না এক শ্রমজীবীর। বরিশালের উজিরপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আলমগীর হোসেন (৩০) নামের শ্রমজীবি ভ্যানচালকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার (পহেলা মে) দুপুরে উপজেলার সাকরাল বাজার এলাকায়। নিহত আলমগীর বাবুগঞ্জ উপজেলার রমজানকাঠি গ্রামের আব্দুল মালেক বেপারীর ছেলে। তিনি ছিলেন তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
সূত্রমতে, প্রতিদিনের মতো সেদিনও জীবিকার তাগিদে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বের হয়েছিলেন তিনি।কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল জীবনের শেষ যাত্রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে আলমগীর মালবাহী ভ্যান নিয়ে সাকরাল বাজার সংলগ্ন একটি ব্রিজের ঢালে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহুর্তের মধ্যেই ভ্যানটি উল্টে যায় এবং তিনি নিচে চাঁপা পড়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উজিরপুর মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।