কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। র্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।এসময় বাস-মিনিবাস শ্রমিক, জাতীয়তাবাদী শ্রমিক দল, লোড-আনলোড শ্রমিক, ট্রাক শ্রমিক, হোটেল শ্রমিক, ইমারত ও নির্মাণ শ্রমিক, ইলেকট্রিক শ্রমিক, ছ’মিল শ্রমিক, কুলি শ্রমিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠন পৃথক পৃথক ব্যানারে র্যালি বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে মিলিত হয়। পরে সকল শ্রমিক ও সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহান মে দিবসের তাৎপর্য, শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণের গুরুত্ব তুলে ধরা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।