মহান মে দিবস উদযাপন উপলক্ষে ইসলামের দৃষ্টিতে শ্রমিকের অধিকার ও মর্যাদা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সভাটি অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশন সদর উপজেলা সুপারভাইজার মো. শফিকুল আলম সারওয়ারের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলার উপ-পরিচালক মো. আবু বকর সিদ্দিক । আলোচক ছিলেন ইফার ফিল্ড অফিসার ডক্টর মাও কামরুল হাসান। এতে বক্তব্য রাখেন ইফার মাস্টার ট্রেইনার মাও ওমর ফারুক, মডেল কেয়ারটেকার হাফেজ মাও মো. মাসুম বিল্লাহ, হাফেজ মাও হুমায়ুন কবির মিল্লাতী, মাও সাদেকুজ্জামান তালুকদার, মাও আব্বাস উদ্দিন, মাও মাহতাব উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, প্রকৃত অর্থে শ্রমিকের অধিকার ও মর্যাদা এখনো প্রতিষ্ঠিত হয়নি। এখনো শ্রমিকরা নানা রকম অবহেলা ও উপেক্ষার শিকার হচ্ছে। মালিক-শ্রমিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিত্তিতে ইসলাম যে শ্রমনীতি ঘোষণা করেছে, তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা গেলে শ্রমিকের অধিকার ও মর্যাদা শতভাগ নিশ্চিত করা সম্ভব হবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।