বাংলাদেশের শিপ রিসাইক্লিং শিল্প বর্তমানে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। আন্তর্জাতিক প্রতিযোগিতা, পরিবেশগত মানদণ্ড, ব্যাংকিং জটিলতা ও বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যেও শিল্পটির সামনে রয়েছে ব্যাপক সম্ভাবনা। এমন বাস্তবতায় বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)-এর নির্বাচনকে ঘিরে সভাপতি পদপ্রার্থী লায়ন মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরীকে নিয়ে শিল্পমহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
আগামীকাল বুধবার ৩ জুন অঅনুষ্ঠিতব্য নির্বাচনে ৮৪ জন ভোটার সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। ভোটারদের একটি বড় অংশের মতে, বর্তমান সময়ে শিল্পের স্বার্থ রক্ষা, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়নের জন্য অভিজ্ঞ ও দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন রয়েছে। সেই বিবেচনায় আমজাদ হোসেন চৌধুরীকে একজন যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন।
দীর্ঘদিনের সফল শিল্প উদ্যোক্তা এবং চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি হিসেবে আমজাদ হোসেন চৌধুরী ব্যবসায়ী মহলে সুপরিচিত। শিপ রিসাইক্লিং শিল্পের নানা সমস্যা, সম্ভাবনা এবং আন্তর্জাতিক বাস্তবতা সম্পর্কে তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা শিল্প সংশ্লিষ্টদের আস্থার জায়গা তৈরি করেছে।
ব্যবসায়ী ও শিপইয়ার্ড মালিকদের মতে, তিনি নির্বাচিত হলে শিল্পের আধুনিকায়ন, পরিবেশবান্ধব গ্রিন শিপ রিসাইক্লিং কার্যক্রম সম্প্রসারণ, ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ সংরক্ষণ, ব্যাংকিং সহায়তা সহজীকরণ এবং আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। একই সঙ্গে সরকারের বিভিন্ন নীতিনির্ধারণী পর্যায়ে শিল্পের যৌক্তিক দাবিগুলো আরও জোরালোভাবে উপস্থাপন করা সম্ভব হবে।
নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন উদ্যোক্তা ও ভোটারদের সঙ্গে মতবিনিময়ে তিনি শিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। তাঁর উপস্থাপিত পরিকল্পনা ইতোমধ্যে ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে বলে জানা গেছে।
আমজাদ হোসেন চৌধুরী বলেন, শিপ রিসাইক্লিং শিল্প দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ খাত। শিল্পের টেকসই উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন শিল্প হিসেবে এ খাতকে প্রতিষ্ঠিত করাই আমার প্রধান লক্ষ্য।
বিএসবিআরএ নির্বাচনকে ঘিরে শিল্পমহলের অনেকেই মনে করছেন, অভিজ্ঞতা, নেতৃত্বগুণ এবং শিল্প উন্নয়নের সুস্পষ্ট দৃষ্টিভঙ্গির কারণে লায়ন মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী আজ আলোচনার কেন্দ্রে। তাদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে দেশের শিপ রিসাইক্লিং শিল্প নতুন গতি পাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হবে।