এমপিকে উপেক্ষা করে

তানোরে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধনে জামায়াতের বিক্ষোভ

মো: ইমরান হোসাইন; তানোর, রাজশাহী | প্রকাশ: ৪ আগস্ট, ২০২৬, ০৩:০১ পিএম
তানোরে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধনে জামায়াতের বিক্ষোভ
রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমানকে উপেক্ষা ভবন উদ্বোধন করা হয়েছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখা। রোববার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় তানোর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিবাদী পথসভা অনুষ্ঠিত হয় । দলটির নেতৃবৃন্দ বক্তব্যে বলেন- উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ, কৃষ্ণপুর বায়তুননূর দাখিল মাদ্রাসা এবং কোয়েল আদর্শ ডিগ্রি কলেজের নবনির্মিত ভবন উদ্বোধনের ক্ষেত্রে স্থানীয় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলমীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমানকে পাশ কাটিয়ে সংরক্ষিত নারী এমপিকে দিয়ে উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এটি নির্বাচিত জনপ্রতিনিধির মর্যাদা ক্ষুণ্ন করার পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ ও প্রশাসনিক নিরপেক্ষতার পরিপন্থী। এঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন- তানোর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন- উপজেলা জামায়াতের সেক্রেটারী ডিএম আক্কাস আলী। পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- রাজশাহী জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন- তানোর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান প্রবীন জামায়াত নেতা আব্দুর রহিম মোল্লা, শ্রমিককল্যাণ ফেডারেশনের রাজশাহী জেলা শাখার জয়েন্ট-সেক্রেটারি ও তানোর উপজেলা পষিষদের ভাইস-চেয়ারম্যানপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল কাদির, উপজেলা নায়েবে আমির ও মুণ্ডুমালা পৌরসভার মেয়রপ্রার্থী শিক্ষক আনিসুর রহমান, তানোর পৌর জামায়াতের আমির মোকসেদ আলী, সেক্রেটারি জুয়েল রানা ও ওয়ার্ড জামায়াতের সেক্রেটারী তানোর পৌরসভার মেয়রপ্রার্থী মাহাবুর চৌধুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন- দেশের মানুষের ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান। এসময় বক্তারা অতীতে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে জনগণের মতামতের প্রতি সম্মান জানিয়ে গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের আহ্বানও জানান তারা। পথসভা থেকে উপজেলা প্রশাসনের প্রতি অবিলম্বে বিতর্কিত উদ্যোগ থেকে সরে এসে স্থানীয় জনগণের ভোটে নির্বাচিত এমপি অধ্যাপক মুজিবুর রহমানের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের নবনির্মিত ভবন উদ্বোধনের ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়। প্রসঙ্গ, এব্যাপারে তানোর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযোজন করা হবে। রা/অ
আপনার জেলার সংবাদ পড়তে