গৃহবধূর মৃত্যুকে ঘিরে উত্তেজনা

কাপাসিয়ার আমরাইদ জেনারেল হাসপাতালে ভুল অপারেশনের অভিযোগ

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর | প্রকাশ: ১৯ জুলাই, ২০২৬, ১১:২৮ এএম
কাপাসিয়ার আমরাইদ জেনারেল হাসপাতালে ভুল অপারেশনের অভিযোগ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজারে অবস্থিত "আমরাইদ জেনারেল হাসপাতালে" জরায়ুর টিউমারের অস্ত্রোপচারের পর আরিফা নামে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। নিহত আরিফা উপজেলার বারিসাব গ্রামের বাসিন্দা। পরিবারের দাবি, গত শুক্রবার রাতে হাসপাতালের সার্জন ডা. ফারহানা আফরোজ জুই তার জরায়ুর টিউমারের অপারেশন করেন। স্বজনদের অভিযোগ, অস্ত্রোপচার চলাকালীন হঠাৎ বিদ্যুৎ চলে গেলে অপারেশন কার্যক্রম বন্ধ হয়ে যায়। হাসপাতালে বিদ্যুৎ বিভ্রাটের পরপরই জেনারেটর চালু হওয়ার কথা থাকলেও প্রায় ৩০ মিনিট পর্যন্ত তা চালু করা সম্ভব হয়নি। এতে অস্ত্রোপচার মারাত্মকভাবে ব্যাহত হয় বলে দাবি করেন তারা। পরিবারের ভাষ্য, পরে জেনারেটর চালু হলে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর অবস্থা সংকটাপন্ন জানিয়ে দ্রুত উত্তরার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়। পরে স্বজনরা দ্রুত রোগীকে সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের অভিযোগ, উত্তরার হাসপাতালের চিকিৎসকরা তাদের জানিয়েছেন যে, রোগীর মৃত্যু অপারেশনের সময়ই হয়েছে। এ ঘটনায় তারা আমরাইদ জেনারেল হাসপাতালের অবহেলা ও দায়িত্বহীনতাকেই দায়ী করছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এদিকে ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহতের স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আপনার জেলার সংবাদ পড়তে