সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের নতুন পাঁচ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান, সাংস্কৃতিক সন্ধ্যা ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় ক্লাবের হলরুমে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ক্লাবের নতুন সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বরণ করেন ক্লাবের সভাপতি শাহরুখ আহমদ শাক্কু। নবীন সদস্যরা হলেন- মোহাম্মদ তফাজ্জুল হোসেন এফসিএ, মোহাম্মদ আবজল হোসেন, লতিফুল আজাদ চৌধুরী সায়েক, ডা. নাজরা চৌধুরী এবং মোজাম্মেল হক মুনিম।
ক্লাবের সভাপতি শাহরুখ আহমদ শাক্কুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক ও ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল কাহের চৌধুরী শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান এবং ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচিব (প্রেস, ইনফরমেশন, শিক্ষা ও সংস্কৃতি) রাজেশ ভাটিয়া।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট এ. জেড. এম. আবদুল্লাহ, পরিচালক (অর্থ, পরিকল্পনা ও উন্নয়ন) এ. এস. সিরাজুল হক চৌধুরী, পরিচালক (ব্যবস্থাপনা ও বিনোদন) দেলোয়ার জাহান চৌধুরী আপেল, পরিচালক (ক্রীড়া) যীশু দেব, পরিচালক (আপ্যায়ন) জুম্মা আব্বাস রাজুসহ পরিচালনা পর্ষদের সদস্য, ক্লাবের সদস্যবৃন্দ ও তাদের পরিবার। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিচালক (সাংস্কৃতিক) তানজিনা মুমিন আহমেদ। নবীন সদস্যদের বরণকে কেন্দ্র করে শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পাশাপাশি নৈশভোজ ও আগত প্রথম ৩০ জন আমন্ত্রিত অতিথিকে নিয়ে আকর্ষণীয় র্যাফেল ড্রের আয়োজন করা হয়। ক্লাবের সদস্য ও তাদের পরিবারের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।