এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ

এফএনএস ( মো: রাজিবুল ইসলাম রক্তিম; বগুড়া) : | প্রকাশ: ২ আগস্ট, ২০২৬, ০২:৩১ পিএম
এনসিপি নেতার বিরুদ্ধে অপহরণ ও ছিনতাইয়ের অভিযোগ

বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সাংগঠনিক সম্পাদক শওকত ইমরানের বিরুদ্ধে এক ব্যাংক কর্মকর্তাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে মারধর, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং পরবর্তীতে মুক্তিপণ হিসেবে বিকাশে অতিরিক্ত টাকা দাবি করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ভুক্তভোগী ব্যাংক কর্মী মো. আশরাফুল ইসলাম (৩০) বাদী হয়ে বগুড়া সদর থানায় শওকত ইমরান ও অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী আশরাফুল ইসলাম ইসলামী ব্যাংক পিএলসি, নওগাঁ শাখায় কর্মরত রয়েছেন।

অভিযোগ সূত্র জানা যায়, শনিবার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে আশরাফুল ইসলাম বগুড়া সরকারি আজিজুল হক কলেজের দক্ষিণ গেটসংলগ্ন এটিএম বুথ থেকে বেতন উত্তোলন করে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে তিনমাথা রেলগেট ফ্লাইওভারের নিচে পৌঁছালে অভিযুক্ত শওকত ইমরান ও তার সহযোগীরা দুটি মোটরসাইকেল দিয়ে সিএনজির গতিরোধ করে। এরপর তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে পুরান বগুড়ার একটি ছাত্রাবাসে আটকে রাখে।

ভুক্তভোগীর দাবি, ছাত্রাবাসে তাকে শারীরিক নির্যাতন করা হয় এবং চাকু দেখিয়ে প্রাণনাশের ভয় দেখিয়ে তার সঙ্গে থাকা নগদ ৮২ হাজার টাকা, দুটি মোবাইল ফোন, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্র ও এটিএম কার্ড ছিনিয়ে নেওয়া হয়। নির্যাতনের একপর্যায়ে জোরপূর্বক একটি ভিডিও রেকর্ড করে পরবর্তীতে ২৪ ঘণ্টার মধ্যে বিকাশে আরও ২০ হাজার টাকা না দিলে হত্যার হুমকি দেওয়া হয়। অভিযোগের বিষয়ে কথা বলতে অভিযুক্ত এনসিপি নেতা শওকত ইমরানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম হোসেন জানান, এনসিপি নেতা শওকত ইমরানসহ কয়েকজনের বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে; সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে