ঈশ্বরদীতে উদ্বোধনের পরই বন্ধ খাল খনন, কাজের গড়মিলের অভিযোগ

এফএনএস (সেলিম আহমেদ; ঈশ্বরদী, পাবনা) : | প্রকাশ: ২ আগস্ট, ২০২৬, ০৩:৫২ পিএম
ঈশ্বরদীতে উদ্বোধনের পরই বন্ধ খাল খনন, কাজের গড়মিলের অভিযোগ

সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির গতি বাস্তবায়নে ঈশ্বরদীতে শুরু হওয়া একটি খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধনের পরপরই থমকে গেছে। টানা বর্ষণের কারণে কাজ স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে এলাকাবাসীর অভিযোগ রাজনৈতিক দ্বন্দের কারণে বৃষ্টির দোহাই দিয়ে খাল  পুনঃখনন কাজের স্থবিরতা সৃষ্টি হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় দাগুড়িয়া ইউনিয়নের চন্দ্রাবতী খালের শ্যামপুর হাজামপাড়া থেকে সারোটিয়া বাজার পর্যন্ত পৌণে এক কিলোমিটার অংশ পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ৫৪ লাখ ১১ হাজার ৪৮০ টাকা বরাদ্দের এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছে উপজেলা প্রশাসন ও দাশুড়িয়া ইউনিয়ন পরিষদ।

বৃষ্টির পানি জমে যাওয়ায় বর্তমানে খালের খনন কাজ বন্ধ রয়েছে। ২ আগস্ট, রোববার সকালে সরজমিনে গিয়ে দেখা যায়, খালের এক পাশের পাড় কেটে নতুন মাটি তুলে রাখা হয়েছে। তবে বৃষ্টির কারণে সে মাটি কাদা হয়ে আছে। খালের ভেতরের অংশজুড়ে এখনো ঘন কচুরিপানা জমে থাকায় পানি সরতে পারছে না। খালের ওপর পারাপারের জন্য বাঁশের একটি সাঁকো ঝুলছে। কাজের আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই বৃষ্টির পানি জমে যাওয়ায় বর্তমানে খনন কাজ স্থবির হয়ে পড়েছে। 

খালটি পুনঃখনন করা হলে এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষি কাজে উপকার হতো বলে জানান স্থানীয়রা। তবে শুরুতেই কাজ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, শুধু বৃষ্টির কথা বলে দায় এড়ানো হচ্ছে। কাজের শুরু থেকেই গাফিলতি ও রাজনৈতিক দ্বন্দ্ব পরিলক্ষিত হয়েছে। দ্রুত ও সঠিক ভাবে কাজ শেষ না হলে বর্ষায় চরম দুর্ভোগ পোহাতে হবে বলে তাঁরা আশঙ্কা প্রকাশ করেন। এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সেহাব উদ্দিন জানিয়েছে, আবহাওয়ার উন্নতি হলে এবং জমে থাকা পানি সরে গেলেই পুরোদমে আবার খাল পুনঃখনন কাজ শুরু করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে