জনসেবার অনন্য দৃষ্টান্ত সৈয়দপুরের সাবেক ইউপি চেয়ারম্যান জুয়েল

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ৮ আগস্ট, ২০২৬, ০৫:০২ পিএম
জনসেবার অনন্য দৃষ্টান্ত সৈয়দপুরের সাবেক ইউপি চেয়ারম্যান জুয়েল

তরুণ বয়স, কর্মনিষ্ঠা, সততা এবং মানুষের প্রতি দায়বদ্ধতা। এই চারটি গুণই খাতামধুপুর ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক সফল চেয়ারম্যান জুয়েল চৌধুরীকে স্থানীয় জনগণের কাছে একটি আস্থার প্রতীকে পরিণত করেছে। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে গেছেন।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির তিনি ত্রাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে আছেন। রাজনীতির মাঠে দীর্ঘদিনের সক্রিয় অংশগ্রহণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। সেই আস্থার প্রতিফলন ঘটেছে পরপর দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে। স্থানীয়দের মতে, চেয়ারম্যান থাকা অবস্থায় তিনি ইউনিয়নের সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

জুয়েল চৌধুরীর কর্মজীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তাঁর পরিশ্রম। প্রতিদিন ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের সমস্যা শোনা, দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া এবং সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তদারকি করা ছিল তাঁর নিত্যদিনের কাজ। যে কোনো দুর্যোগ বা সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোও তাঁর নেতৃত্বের অন্যতম বৈশিষ্ট্য। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, চেয়ারম্যান থাকাকালিন তিনি দল-মতের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করেছেন। ফলে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণও বেড়ে গিয়েছিল । স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় তিনি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছিলেন বলে অনেকে মনে করেন।

জীবনের প্রতিটি ধাপে কঠোর পরিশ্রমকে সফলতার মূলমন্ত্র হিসেবে গ্রহণ করেছেন জুয়েল চৌধুরী। ব্যক্তিগত জীবনের নানা সংগ্রাম অতিক্রম করে তিনি আজ একজন সফল জনপ্রতিনিধি। তাঁর বিশ্বাস, জনপ্রতিনিধির সবচেয়ে বড় পরিচয় হলো মানুষের আস্থা অর্জন এবং সেই আস্থা ধরে রাখতে নিরলসভাবে কাজ করে যাওয়া। আগামী দিনেও খাতামধুপুর ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। তাঁর এই কর্মস্পৃহা ও জনসেবামূলক উদ্যোগ স্থানীয় তরুণদেরও সমাজসেবা ও নেতৃত্বে এগিয়ে আসতে উৎসাহিত করছে। ইউনিয়নবাসির প্রত্যাশা, সততা, নিষ্ঠা এবং কর্মদক্ষতার ধারাবাহিকতা বজায় রেখে জুয়েল চৌধুরী ভবিষ্যতেও ইউনিয়নের চেয়ারম্যান হয়ে উন্নয়ন ও মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

সাবেক চেয়ারম্যান জুয়েল চৌধুরী এখনো খাতামধুপুর ইউনিয়নবাসীর কাছে জনপ্রিয় একজন মানুষ। ইউনিয়নবাসির আপদে বিপদে ছুটে যান। পাশে দাঁড়িয়ে সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাইতো ইউনিয়নবাসী আগামি নির্বাচনে জুয়েল চৌধুরীকেই ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন এমন কথা জানালেন অনেকেই।

আপনার জেলার সংবাদ পড়তে