বাগেরহাটের শরণখোলায় হামিম পরিবহনের একটি বাসের ধাক্কায় আবু হানিফা (৬০) নামে এক অটোবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।তাদের খুলনা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। রোববার (৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রায়েন্দা-রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু হানিফা সাউথখালী ইউনিয়নের বকুলতলা গ্রামের নুরুল ব্যাপারীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা শরণখোলা রুটের যাত্রীবাহী বাসটি রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি অটোবাইক, একটি ইজিবাইবাগেরহাটকসহ কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়। এতে অটোবাইক চালক আবু হানিফাসহ কয়েকজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু হানিফাকে মৃত ঘোষণা করেন। আহতরা হচ্ছে মো: হানিফ (৪৫), মো. হাফিজ (৪০), খুন্তাকাটা গ্রামের সুরমা (৩৫) ও তানভীর (১৩) প্রাথমিক চিকিৎসা শেষে সাথে সাথে উন্নত চিকিৎসার জন্য মারাত্মক আহত হানিফ ও সুরমা কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে নিহতের স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। এ সময় সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।