গাছের চারার বদলে ডাল রোপন, কাউখালীতে প্রধান শিক্ষক বরখাস্ত

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) :
| আপডেট: ১০ আগস্ট, ২০২৬, ০১:৩৯ পিএম | প্রকাশ: ১০ আগস্ট, ২০২৬, ০১:৩৯ পিএম
গাছের চারার বদলে ডাল রোপন, কাউখালীতে প্রধান শিক্ষক বরখাস্ত

সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষাপ্রতিষ্ঠানে চারা গাছের পরিবর্তে ডাল পুঁতে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের অভিযোগে পিরোজপুরের কাউখালী উপজেলার ১৪নং মধ্য সোনাকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র হালদারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের স্বাক্ষরিত এক  আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।

জানা গেছে, প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচি অনুযায়ী গত ১৫ জুলাই প্রতিটি বিদ্যালয়ের আঙিনায় ফলদ, বনজ ও ঔষধি চারাগাছ রোপণের স্পষ্ট নির্দেশনা ছিল। তবে অভিযুক্ত শিক্ষক সরকারি সিদ্ধান্ত অমান্য করে শিক্ষার্থীদের দিয়ে চারা গাছের পরিবর্তে গাছের ডাল রোপণ করান এবং সেই ছবি শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপে আপলোড করেন। এই লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ১৯ জুলাই কাউখালী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম সরেজমিন তদন্ত করে সত্যতা পান। অভিযোগের গুরুত্ব বিবেচনা করে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এদিকে একই সোনাক্ষির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কৃষ্ণ পালের বিরুদ্ধে চরিত্র হনন ও নিরাপত্তাহীনতার অভিযোগ এনে বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়েছেন একই বিদ্যালয়ের নারী সহকর্মী ফেরদৌসী আক্তার । 

এ বিষয়ে কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়াহিদুল ইসলাম জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া নারী শিক্ষকের দেওয়া অভিযোগটি তদন্ত করে বিধি মোতাবেক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে