রাজশাহীর বাগমারায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর স্বেচ্ছাসেবী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন বিএনপির একাংশ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ইউএনওকে লক্ষ্য করে ‘ধর ধর’ ও ‘জবাই’ স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (১০ আগস্ট) দুপুরে বাগমারা উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাগমারা উপজেলা তারেক জিয়া প্রজন্ম দলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান হাত তুলে ‘ধর ধর ধর, ইউএনও ধর’ স্লোগান দিচ্ছেন। এ সময় উপস্থিত কয়েকজন নেতাকর্মী ‘ধরে ধরে জবাই কর’ বলে সাড়া দেন। পরে ব্যানার হাতে মানববন্ধন করতে দেখা যায় তাদের।
মানববন্ধনে ব্যবহৃত ব্যানারে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর স্বেচ্ছাসেবী তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে চূড়ান্ত ফলাফলে অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের অভিযোগ তোলা হয়।
তবে মানববন্ধনে প্রকৃত নিয়োগপ্রত্যাশীদের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। উপস্থিত অধিকাংশই বিএনপির একাংশ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
নিয়োগপ্রক্রিয়ায় নিজেদের পছন্দের প্রার্থী নির্বাচিত না হওয়াকে কেন্দ্র করেই তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ রয়েছে।
ইউএনও সেলিম আহমেদ অবশ্য নিয়োগে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, কয়েকজন প্রার্থী প্রথমে পরীক্ষায় অংশগ্রহণের তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় পুনর্মূল্যায়নের আবেদন করেন। বিষয়টি শুমারির দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিটির নজরে এলে কমিটির সব সদস্যের সম্মতিতে রেজুলেশনের মাধ্যমে তাদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। পরবর্তীতে পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হয়েছে।
ইউএনও সেলিম আহমেদ বলেন, ‘নিয়োগ প্রক্রিয়া নিয়ম মেনেই সম্পন্ন হয়েছে। বিষয়টি নিয়ে হুমকিমূলক স্লোগান দেওয়ার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে ইউএনওকে লক্ষ্য করে ‘জবাই’ স্লোগানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। প্রশাসনের একজন কর্মকর্তার বিরুদ্ধে এমন স্লোগানের ঘটনায় অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। অন্যদিকে মানববন্ধনকারীরা নিয়োগপ্রক্রিয়ার ফলাফল পুনরায় সঠিকভাবে প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।