পাবনার চাটমোহরে অবৈধ চায়না দুয়ারি ও নিষিদ্ধ কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে উপজেলা মৎস্য দপ্তর। চাটমোহরসহ চলনবিল অঞ্চলে মৎস্য সম্পদ রক্ষায় এই অভিযান পরিচালিত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। ইতোমধ্যে উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মৎস্য বিভাগ একাধিক অভিযান পরিচালনা করে প্রচুর পরিমাণে চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে। উপজেলার ডিকশিবিল,আফরার বিল,ছাওয়ালদহ জলাশয়,নবীন বিল দোদারিয়া বিল,কাটা গাঙ ও গুমানী নদীতে অভিযান চালিয়ে চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এছাড়া চাটমোহর রেলবাজার হাটে অভিযান চালিয়ে নিষিদ্ধ কান্টে জাল জব্দ করা হয়।
গত সোমবার (১০ আগস্ট) উপজেলার দোদারিয়া বিলে অভিযান চালিয়ে দেড় লক্ষাধিক টাকা মূল্যের চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জাল প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ নিশ্চিত করতে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার দোদারিয়া বিলে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন৷ অভিযানে বিলে পেতে রাখা ৩৬ পিস চায়না দুয়ারি ও ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে ধবংস করা হয় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল মতিন জালান,চলনবিল অধ্যুষিত এই উপজেলায় মৎস্য সম্পদ রক্ষায় ইতোমধ্যে একাধিক অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।