বগুড়ার গাবতলীতে ফ্যামিলি কার্ড শুমারি তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল অনিয়মের অভিযোগ এনে প্রকাশিত ফলাফল বাতিল দাবিতে মঙ্গলবার (১১ আগষ্ট) মানববন্ধন ও বিক্ষোভ করেছেন আবেদনকারী সহ সাধারণ শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীরা।
গাবতলী উপজেলা পরিষদে ইউএনও অফিসের সামনে সর্বস্তরের জনসাধারণ ও শিক্ষার্থীবৃন্দ ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ৮ আগস্ট রাতে ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের স্বাক্ষরিত ফলাফল উপজেলা পরিষদের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর থেকেই নিয়োগপ্রক্রিয়া নিয়ে বিভিন্ন মহলে অনিয়ম নিয়ে সমালোচনা শুরু হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে প্রকৃত মেধার যথাযথ মূল্যায়ন করা হয়নি। পরীক্ষায় অনিয়মের মাধ্যমে পছন্দের প্রার্থী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগ পরিবারের সদস্যের নাম রয়েছে। মানববন্ধনে বক্তব্য দেন, গাবতলী পৌর ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি সেলিম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সুমন, গাবতলী সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিলন ইসলাম সহ আরও অনেকে। বিতর্কিত ফলাফল বাতিল করে পুনরায় স্বচ্ছ ও নিরপেক্ষভাবে মূল্যায়ন করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর ও ধারাবাহিক আন্দোলন কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।