বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের, বিধবা হলেন নববধূ

এফএনএস (প্রতিবেদক): | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৬, ০৪:১৪ পিএম
বিয়ের রাতেই বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের, বিধবা হলেন নববধূ

কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে নববধূকে ঘরে তোলার কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন আহমেদ আনাস বাপ্পি (২২) নামের এক যুবক। পরদিন ছিল বউভাতের আয়োজন। কিন্তু সেই আনন্দের বদলে রাতেই নেমে আসে শোকের মাতম। স্বামীকে হারিয়ে বিয়ের রাতেই বিধবা হলেন নববধূ সাইরা খাতুন (১৮)।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় স্কুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আনাস ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে আনাস ও সাইরার বিয়ে পড়ানো হয়। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নববধূ সাইরা খাতুনকে আনাসের বাড়িতে আনা হয়। সাইরা উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি আলীনগর এলাকার সাইফুল ইসলামের মেয়ে।

শুক্রবার দুপুরে নববধূকে ঘিরে বউভাতের আয়োজন করা হয়েছিল। এ উপলক্ষে বাড়িতে অতিথিদের খাবারের আয়োজন ও প্যান্ডেল তৈরির কাজ চলছিল রাত পর্যন্ত। আনাসও সেখানে উপস্থিত থেকে এসব কাজের তদারকি করছিলেন।

পরিবারের সদস্যরা জানান, রাত আনুমানিক ২টার দিকে একটি স্ট্যান্ড ফ্যান সরাতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আনাস। গুরুতর অবস্থায় পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই বিয়েবাড়ির আনন্দ পরিণত হয় শোকে। কয়েক ঘণ্টা আগেও যে বাড়িতে ছিল বিয়ের আনন্দ, অতিথিদের কোলাহল ও বউভাতের প্রস্তুতি, রাত পেরোতেই সেখানে শুরু হয় কান্না ও আহাজারি। স্বামীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন নববধূ সাইরা খাতুন।

স্থানীয় ইউপি সদস্য মিলন হোসেন বলেন, স্ট্যান্ড ফ্যান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাসের মৃত্যু হয়েছে। প্রায় দুই মাস আগে তাদের বিয়ে পড়ানো হয়েছিল। বৃহস্পতিবার নববধূকে বাড়িতে আনা হয় এবং শুক্রবার বউভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। এর মধ্যেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় সব আনন্দ মাটি হয়ে গেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। পুলিশ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে