সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর একটি চৌকস দল তাঁকে রাষ্ট্রীয় সালাম বা গার্ড অব অনার দেয়। বিউগলে বেজে ওঠে করুণ সুর।
শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধের ‘পরিদর্শন বই’-এ স্বাক্ষর করেন। এরপর সকাল ১০টা ৩৭ মিনিটে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণ থেকে বেরিয়ে যান।
রাষ্ট্রপতির স্মৃতিসৌধ সফরকে কেন্দ্র করে সকাল থেকেই জাতীয় স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। স্মৃতিসৌধসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখা হয়। মহাসড়কের দুই পাশেও পুলিশ মোতায়েন ছিল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল তাঁকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও অনুষ্ঠানে যোগ দেন।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি পদে নির্বাচন হয়। বর্তমান সংসদের ৩৪৯ সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট দেন।
নির্বাচনে ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। নির্বাচনের পরদিনই রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল।
এর আগে শুক্রবার দুপুরে শপথ নেওয়ার আগে শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। শপথের পর শনিবার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নতুন রাষ্ট্রপতি।