শেরপুরের নালিতাবাড়ীতে জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সামিউল হক স্পোর্টস একাডেমি আয়োজিত ‘মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট’-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে নালিতাবাড়ী ইউনিয়নকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নয়াবিল ইউনিয়ন। এই ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসান ও বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। এ সময় দর্শকদের উত্তেজনা আর উপচেপড়া ভিড়ে খেলার মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার কালাকুমা আলহাজ আব্দুল খালেক মিনি স্টেডিয়ামে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। নির্ধারিত ৯০ মিনিটে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেললেও কোনো দল গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য ড্রতে শেষ হয় ম্যাচ। পরে ফলাফল নির্ধারণে খেলা গড়ায় টাইব্রেকারে। নয়াবিল ইউনিয়ন টাইব্রেকারে ৪-৩ গোলে নালিতাবাড়ী ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্চিতা বিশ্বাস, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক, সামিউল হক স্পোর্টস একাডেমির চেয়ারম্যান সামিউল হকসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।