জামালপুরে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৬, ০৩:৩১ পিএম
জামালপুরে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে ইসরাত জাহান (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার স্বামী কাউসার আহমেদ পলাতক রয়েছেন।একই বাসা থেকে তাদের দুই শিশুসন্তানকে তালাবদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের শেখের ভিটা রেলক্রসিং-সংলগ্ন একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের স্বামী কাউসার আহমেদের বাড়ি বকশীগঞ্জ উপজেলার গড়িয়াঠাঙ্গা এলাকায়। তিনি জামালপুর শহরে মনোহারি দোকানের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঐদিন সকালে ওই ফ্ল্যাটের ভেতর থেকে নিহতের ১০ বছর বয়সী মেয়ে ও সাত বছর বয়সী ছেলের চিৎকার শুনতে পান স্থানীয়রা। পরে তারা গিয়ে দেখতে পান ফ্ল্যাটের মূল দরজা বাইরে থেকে তালাবদ্ধ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে দুই শিশুকে উদ্ধার করে। পরে পাশের একটি কক্ষ থেকে ইসরাত জাহানের মরদেহ উদ্ধার করা হয়।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, সকালে ওই ফ্ল্যাটের জানালা দিয়ে নিহতের দুই শিশু সন্তান চিৎকার করতে থাকে। বিষয়টি স্থানীয়রা বাড়ির মালিককে জানালে ত্রিপল নাইন-এ ফোন করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে পাশের একটি কক্ষ থেকে তাদের মা ইসরাত জাহানের মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নিহত ইসরাত জাহান ও তার স্বামী কাওসার আহমেদ শাওন প্রায় এক মাস ধরে ওই বাসায় ভাড়া থাকতেন। ঘটনার পর থেকেই স্বামী কাওসার আহমেদ শাওন পলাতক রয়েছেন। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

আপনার জেলার সংবাদ পড়তে