নেত্রকোনার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষার্থীদের বিখ্যাত দার্শনিক লিও টলস্টয়ের 'একজন মানুষের কতটা প্রয়োজন' বইটি পড়ার আহ্বান জানিয়ে বলেছেন, জীবনে সাফল্যের পাশাপাশি সততা ও নৈতিকতা ধরে রাখতে হবে। পেশাগত জীবনে উন্নতির শিখরে উঠেও দুর্নীতিমুক্ত থাকতে না পারলে স্বাধীনতার প্রকৃত সুফল পাওয়া যাবেনা।
রবিবার (২৩ আগস্ট) দুপুরে বিরিশিরি ক্ষুদ্র ন-ৃগোষ্ঠীর কালচারাল একাডেমী হল রুমে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, আজ তোমাদের একটি সার্টিফিকেট ও ক্রেস্ট দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তোমাদের জন্য একটি বই নিয়ে এসেছি। বইটি বিখ্যাত দার্শনিক লিও টলস্টয়ের। বিশেষ করে যারা অষ্টম বা দশম শ্রেণিতে পড়ছো তারা ইংরেজিতে লেখা বইটি পড়ার চেষ্টা করবে। প্রয়োজনে ডিকশোনারি সহযোগিতা নিতে পারো। আমার মনে হয় এই বইটি তোমাদের ভবিষ্যৎ জীবন গড়ার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। একজন মানুষের জীবনে আসলে কতটুকু প্রয়োজন সেই প্রশ্নের উত্তর খুঁজতে সাহায্য করবে। তোমরা বই একবার নয় কয়েকবার পড়বে এবং গল্পটির শিক্ষা নিজেদের জীবনে কাজে লাগানোর চেষ্টা করবে।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, মানুষের জীবনে প্রয়োজনের সীমা নির্ধারণ করা জরুরি। অট্টালিকা, বাড়িঘর, সম্পদ কিংবা অন্য কোনো অনৈতিক উপায়ে অর্জিত অর্থের পেছনে না ছুটে একজন মানুষের প্রকৃত প্রয়োজন কতটুকু সেটি বুঝতে হবে।
কায়সার কামাল আরও বলেন, তোমাদের নিয়ে আমরা স্বপ্ন দেখছি। তোমাদের অভিভাবকরাও স্বপ্ন দেখছেন তোমরা আগামী দিনে সুমানুষ হিসেবে গড়ে উঠবে। সুমানুষ হওয়ার অর্থ হলো তোমরা নিজ নিজ পেশাগত জীবনে উন্নতির চরম শিখরে উঠবে। কিন্তু পেশাগত জীবনে উন্নতির চরম শিখরে উঠেও যদি আমরা নিজেদের দুর্নীতিমুক্ত রাখতে না পারি সমাজকে দুর্নীতিমুক্ত করতে না পারি তাহলে আমাদের পূর্বপুরুষরা যে বাংলাদেশ স্বাধীন করে গেছেন সেই স্বাধীন বাংলাদেশে প্রকৃত স্বাধীনতা আমরা কখনোই পাবো না।
আলোচনা শেষে অনুষ্ঠানে মাদ্রাসা স্কুলের ৫ম শ্রেণী,৮ম শ্রেণী বৃত্তি প্রাপ্ত ও এসএসসি জিপিএ ৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট, বই ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা,উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন চিছাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনসারী, ওসি খন্দকার শাকের আহমেদ প্রমুখ।