জেলাবাসীর দোয়া চেয়েছেন এমপি মানিক

চাঁদপুর হাসপাতালকে উন্নীতকরণে ১৫ তলা নতুন ভবন নির্মাণের উদ্যোগ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬, ১১:৪৭ এএম
চাঁদপুর হাসপাতালকে উন্নীতকরণে ১৫ তলা নতুন ভবন নির্মাণের উদ্যোগ

চাঁদপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে এক ধাপ এগিয়ে গেল। চাঁদপুর জেলার সংসদীয় আসন-২৬২ (চাঁদপুর-৩) এর সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদের আবেদনের প্রেক্ষিতে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চাঁদপুর-কে ৫০০ শয্যায় উন্নীতকরণের লক্ষ্যে একটি নতুন ১৫ তলা ভবন নির্মাণের প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়েছে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ (মোঃ উজ্জল হোসেন) স্বাক্ষরিত ওই চিঠিতে এই উন্নয়নমূলক কাজটি দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়। প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, ৫০০ শয্যার এই আধুনিক হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য হাসপাতাল সংলগ্ন বর্তমান সিভিল সার্জন কার্যালয়ের ভূমিতে এই বিশাল ১৫ তলা নতুন ভবনটি নির্মাণ করা হবে। চিঠিতে স্বাস্থ্য সেবা বিভাগকে বিধি মোতাবেক দ্রুত পরবর্তী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। একই সঙ্গে এই বিষয়ে গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন দ্রুত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক তাঁর ফেসবুক স্ট্যাটাসে চাঁদপুরবাসীর প্রতি আন্তরিক দোয়া চেয়েছেন। তিনি উল্লেখ করেছেন-  "সকল মানুষের কাছে আন্তরিকভাবে দোয়া চাই-যেন আগামী সাড়ে চার বছরের মধ্যে এলাকার এই গুরুত্বপূর্ণ ও বড় বড় কাজগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে সফলভাবে সম্পন্ন করতে পারি। সকলের দোয়া, সহযোগিতা ও ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি। আল্লাহ যেন আমাদের এই প্রচেষ্টাগুলো কবুল করেন এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।" এই হাসপাতালটি ৫০০ শয্যায় উন্নীত হলে চাঁদপুর জেলার সাধারণ মানুষ আরও উন্নত, আধুনিক ও প্রশস্ত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার জেলার সংবাদ পড়তে